মাশরাফির কাছে হারলেন আশরাফুল

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০১:৩৬

লক্ষ্য কেবল ১৬৮ রান। এর জবাব দিতেই হিমশিম খায় মোহাম্মদ আশরাফুলের ব্রাদার্স ইউনিয়ন। লক্ষ্য পৌঁছানো তো অনেক দূর, কাছাকাছিও আসতে পারেনি তারা। ফলে ছোট পুঁজি নিয়েও ৮৩ রানের বড় জয়ে মাঠ ছাড়ে মাশরাফি বিন মুর্তজার লেজেন্ডস অব রূপগঞ্জ।

জয়ের নায়ক নাঈম ইসলাম। ব্যাটিংয়ে বিপর্যয়ের সময়ে নেমে মূল্যবান ৪৫ রানের পর বল হাতে নেন তিনটি উইকেট। লো স্কোরিং ম্যাচে-সেরা খেলোয়াড় হতে আর কী লাগে! এনিয়ে চতুর্থবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে ম্যাচ-সেরা হলেন এই অলরাউন্ডার।

মিরপুরে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪৫ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে কোনোভাবেই সুবিধা করতে পারছিল না রূপগঞ্জ। ৫৮ রানে হারায় ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে ৮১ রান তুলে কিছুটা স্বস্তি এনে দেন নাইম ও সাব্বির রহমান জুটি। সর্বোচ্চ ৪৬ রান করে আউট হন সাব্বির। তার বিদায়ের পর আর বেশি এগোতে পারেনি রূপগঞ্জ।

কিন্তু ১৬৮ রানের পুঁজিতেও হার মানেনি মাশরাফিরা। নাভিশ্বাস তুলে ফেলেন ব্রাদার্সের। সর্বোচ্চ ১৬ রান করেন সাদিকুর। অধিনায়ক আশরাফুল বিদায় ৭ রানে। রূপগঞ্জের ২২ রানে সর্বোচ্চ ৪টি উইকেট নেন বিদেশি অলরাউন্ডার চিরাগ জানি।

৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে রূপগঞ্জ। চার পয়েন্ট নিয়ে দশে ব্রাদার্স।

বিকেএসপিতে দিনের অন্য ম্যাচে খেলাঘরকে ৪ উইকেটে হারিয়েছে শাইনপুকুর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলার দৈর্ঘ্য কমে আসে ৩৩ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১৬ রান তুলে খেলাঘর। ৯ বল হাতে রেখেই তা পাড়ি দেয় শাইনপুকুর। ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন শাইনপুকুরের আলাউদ্দিন বাবু।

ইত্তেফাক/টিএ