পন্টিংয়ের উৎসাহে উচ্ছ্বসিত মুস্তাফিজ

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৬:৩০

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেকটা সুখকর হয়নি মুস্তাফিজুর রহমানের। গুজরাট টাইটান্সের বিপক্ষে বল হাতে তিন উইকেট নিলেও দলীয় ব্যর্থতায় ম্লান তার সেই পারফরম্যান্স। তাই বলে ছুড়ে ফেলার মতো ছিল না। দিনশেষে ঠিকই পেয়েছিলেন নিজের প্রাপ্তি।

প্রতিটি ম্যাচ শেষেই দলের সেরা খেলোয়াড়কে পুরস্কার হিসেবে একটি ‘পিন’ উপহার দেন দিল্লির হেড কোচ রিকি পন্টিং। এটা তারই চালু করা প্রথা। অভিষেক ম্যাচেই পন্টিংয়ের সেই ঐতিহ্যের ছোঁয়া পেলেন মুস্তাফিজ। কিংবদন্তী এই অজি ক্রিকেটারের কাছ থেকে এমন উৎসাহ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি এই পেসার।

মুস্তাফিজ বলেন, ‘এটা (পুরস্কার) শুধু আমার জন্য না, প্রত্যেক খেলোয়াড়ের জন্য প্রেরণাদায়ক। দল হারুক বা জিতুক আপনি ভালো পারফরম্যান্স করলে ড্রেসিং রুমে সম্মান পাবেন, সবাই এগিয়ে দেবে, এটা দারুণ ব্যাপার। আমার মনে হয়, এটা আমাদের কোচের খুবই ভালো একটা প্রথা।’

অভিষেকের পর পরের দুই ম্যাচে উইকেট পাননি মুস্তাফিজ। কিন্তু আঁটোসাঁটো বোলিংয়ে মাধ্যমে ছন্দে রেখেছেন নিজেকে। চেষ্টায় কোনো কমতি রাখছেন না। কলকাতার বিপক্ষে ৪৪ রানে জয়ের পর এই পেসার বলেন, ‘এখন পর্যন্ত আমরা দুটি জিতেছি ও দুটি হেরেছি। এটা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। ব্যাটিং বলেন কিংবা বোলিং, আমাদের দলে ভালো খেলোয়াড়রা আছে। ভালোর তো কোনো শেষ নেই। আমি খেলতে নামলে সব সময় চেষ্টা করি মাঠে আমার সেরাটা দেওয়ার।’

আইপিএলের মেগা নিলামে এবার মুস্তাফিজকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যেই কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। কোনোরকমের যুদ্ধে যেতে হয়নি। আইপিএলে দিল্লির জার্সি গায়ে পরার আগে আরও তিন দলের হয়ে খেলার অভিজ্ঞতা ছিল তার। তাই দলের বেশির ভাগ সদস্যই তার চেনা। ডেভিড ওয়ার্নারের সঙ্গে তো সানরাইজার্স হায়দ্রাবাদেই দুই মৌসুম খেলেছেন।

সে প্রসঙ্গে কাটার মাস্টার বলেন, ‘আমি এই দলের অনেকের সঙ্গে আগেও কমবেশি খেলেছি। কারো সঙ্গে আবার, কারো বিপক্ষে। গত মৌসুমে চেতন সাকারিয়া সঙ্গে ছিলাম। ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুই মৌসুম একই দলে ছিলাম।’

আইপিএলের নিলাম যখন চলছিল তখন বিপিএলে ব্যস্ত ছিলেন মুস্তাফিজ। খেলছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। তাই নিলামে চোখ রাখার সুযোগ ছিল না তার। মুস্তাফিজ বলেন, ‘নিলামের সময় আমি তা দেখিনি। ওই সময় বিপিএল খেলছিলাম। দল ব্যাটিংয়ে থাকায় আমি ডাগআউটে ছিলাম, পরে একজন এসে বললো আমাকে দিল্লি নিয়েছে। এর আগে তিনটি দলের সঙ্গে খেলেছি, এবার একটি নতুন দলের অংশ হওয়ায় ভালো লেগেছে।’ আইপিএলে মুস্তাফিজদের পরবর্তী ম্যাচ ১৬ এপ্রিল। প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ইত্তেফাক/টিএ