আড়াইহাজারে খাবারের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪:১৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সোমবার (১১ এপ্রিল) উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম শুক্কুর আলী। সে ওই এলাকার আমির আলী ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে বলে জানিয়েছেন নিপীড়নের শিকার শিশুটির বাবা।

শিশুটির বাবা অভিযোগ করে বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তার মেয়ে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় শুক্কুর শিশুটিকে খাবার খাওয়ার কথা বলে কৌশলে তার বসত ঘরে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় শিশুটি বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে বিষয়টি জানায়।

তিনি আরও জানান, স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মিমাংসার জন্য তাকে  চাপ প্রয়োগ করে এবং থানায় যেতে নিষেধ করে কালক্ষেপণ করে। পরে  আড়াইহাজার থানায় গিয়ে অভিযোগ করা হয়।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে মাঠে নেমেছে। শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এমআর