ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়েছে গুজরাট টাইটানস। আর সেইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করে নিয়েছে নবাগত এ দলটি। ৫২ বলে ৮৭ রানের ইনিংস আর ১৮ রান দিয়ে ১ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ১৯২ রান। জবাবে ৯ উইকেটের বিনিময়ে ১৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস। ৫ ম্যাচে ৪ জয়ে অর্থাৎ আট পয়েন্ট নিয়ে আইপিএলের এই আসরে প্রথম দল হিসেবে টেবিলের শীর্ষে পৌঁছালো গুজরাট।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরুতে টস হেরে ব্যাট করতে নামে গুজরাট। প্রথম ১৫ রানেই সাজঘরে ফেরেন ম্যাথু ওয়েড ও বিজয় শঙ্কর। শুভমান গিল আউট হন রায়ান পরাগের বলে। এরপর ব্যাট হাতে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। অভিনভ মনোহরকে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন তিনি। অভিনভ ফিরে গেলে ডেভিড মিলারের সঙ্গে পান্ডিয়া আরও করেন ৫৩ রানের জুটি। তাতে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান করে গুজরাট। ৮ চার ও ৪ ছয়ে করেন ৮৭ রান। মিলারের ব্যাট থেকে ১৪ বলে আসে ৩১ রান। রাজস্থানের হয়ে একটি করে উইকেট নেন কুলদীপ সেন, চাহাল ও পরাগ।
জবাবে ব্যাট করতে নেমে জস বাটলার ছাড়া রাজস্থানের আর কোনো ব্যাটার জ্বলে উঠতে পারেননি। একে একে সাজঘরে ফেরেন ওপেনার দেবদূত পাডিক্কেল, অধিনায়ক সানজু স্যামসন, রাসি ভ্যান ডার ডুসেন আর শিমরন হেটমায়ার। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার জস বাটলার। ২৪ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ৮ চার ও ৩ ছক্কার মার। শেষদিকে রায়ান পরাগ ও জেমি নিশামও দ্যুতি ছড়াতে পারেননি ব্যাট হাতে। পরাগ ১৬ বলে ১৮ ও নিশাম ১৫ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন। আর তাতেই জয়ের সব দরজা বন্ধ হয়ে যায় রাজস্থানের।
