ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষার্থীর মটোরসাকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ 

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১২:৩০

বরিশালের গৌরনদীতে পথরোধ করে এক শিক্ষার্থী ও তার মা এবং চাচাকে মারধর এবং ওই শিক্ষার্থীর মটোরসাইকেল পোড়ানোর অভিযোগে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন। 

ভুক্তভোগী শিক্ষার্থী হচ্ছেন উপজেলার হাজিপাড়া গ্রামের রাছেল হাওলাদারের পুত্র নিলয় হাওলাদার (১৭)। সে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাহিলাড়া ডিগ্রী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, ঘটনার দিন দুপরেই শিক্ষার্থীর মা রুমা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সহ ৭-৮ জনকে অজ্ঞাত করে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত পলাশ কে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিলয় হাওলাদার (১৭) ও তার মা রুমা বেগম (৩০) এবং, চাচা উজ্জল (২৯), ঘটনার দিন সকাল সাড়ে ১০ টার দিকে এইচএসসি ১ম বর্ষে ভর্তির বিষয়ে জানার জন্য মাহিলাড়া ডিগ্রী কলেজে জান। কলেজে ঢোকার পথে পথরোধ করে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু শিক্ষার্থী নিলয়ের কাছে জিজ্ঞাসা করেন তোর বাড়ি কোথায়? তোর আশোকাঠীতে কোন আত্মীয় আছে কিনা। উত্তরে নিলয় বলে, হ্যাঁ গৌরনদী ছাত্রলীগ নেতা জিয়া আমার খালাতো ভাই । এই কথা বলার সঙ্গে সঙ্গে নিলয় ও তার চাচা উজ্জল কে চেয়ারম্যান ও তার সঙ্গে থাকা ৭-৮ জন লোক মারধোর শুরু করে। এসময় নিলয়ের মা রুমা বেগম ফেরাতে চেষ্টা করলে তাকেও মারধর করেন তারা। পরে আশেপাশের লোকজন চলে আসলে নিলয়ের সঙ্গে থাকা মটোরসাইকেল নিয়ে চেয়ারম্যান পিকলু ও তার লোক জন ইউনিয়ন পরিষদের দিকে চলে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাদের তিন জনকে আহত অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আত্মীয় স্বজন খবর পেয়ে মটোরসাইকেলের খোঁজে ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান নিজেই মটোরসাইকেলটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। 

এলাকাবাসী বলেন ইউপি চেয়ারম্যান এমন অনেক অপকর্ম করেছেন, তিনি এর আগেও সরকারী গাছ কেটে নিয়ে গেছেন তাও অনেকগুলো জাতীয় পত্রিকায় প্রকাশ করার পরেও তার কিছু হয়নি। 

এ বিষয়ে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সঙ্গে যোগাযোগ করতে তার মুঠ ফোনে ফোন কার হয় কিন্তু তাকে পাওয়া যায়নি।

ইত্তেফাক/ইআ