ঈদযাত্রা শুভ হোক

আপডেট : ০২ জুন ২০১৯, ২২:০১

ঈদে নাড়ির টানে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। এই সংখ্যা এবার ৬০ থেকে ৭০ লাখ হবে বলে ধারণা করা হচ্ছে। কারো কারো মতে, নয় দিনের লম্বা সরকারি ছুটি থাকায় সংখ্যাটি আরো বেশিও হতে পারে। নৌ, রেল ও সড়ক—এই তিন পথই ব্যস্ত হয়ে উঠেছে। ট্রেনের অগ্রিম টিকেট হাতে নিয়ে কেউ কেউ তৃপ্তির ঢেঁকুর তুলছেন। অনলাইনে টিকেট পাওয়ার কথা বলা হলেও সেটি কারো ভাগ্যেই মেলেনি। ফলে হতাশ হয়ে কেউ কেউ বিকল্প পথের কথা ভাবছেন। রেলপথে টিকেট না মিললেও সড়কপথে যাঁরা ঢাকা থেকে কুমিল্লা, নোয়াখালি কিংবা চট্টগ্রাম যাবেন, তাঁরা এবার যানজট এড়িয়ে যে ভালোভাবেই গন্তব্যে পৌঁছবেন তা আর বলা অপেক্ষা রাখে না। দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতি সেতুর উদ্বোধন হওয়ায় পুরো দৃশ্যপটই যেন পালটে গেছে ঐ অঞ্চলের। দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে পর্যাপ্ত ফেরি রাখার ব্যবস্থা করা হয়েছে। যাত্রায় সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো—অতিরিক্ত ভাড়া ও যানজটের ভোগান্তি। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। এটি কার্যকর করা গেলে ভোগান্তির একটি অংশ অন্তত লাঘব হতো।

বোরহান বিশ্বাস

খিলগাঁও, ঢাকা