সমালোচনার পর নেতৃত্ব ছেড়ে দিলেন জো রুট

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৫:২৫

ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জো রুট। আজ শুক্রবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন তিনি। দীর্ঘ পাঁচ বছর তিনি টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন।

বিবৃতিতে জো রুট বলেন, ‘ক্যারিবিয়ান সফর থেকে ফিরে আসার পর, আমি সিদ্ধান্ত নিয়েছি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর। আমার ক্যারিয়ারে এটা সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত। কিন্তু পরিবার ও আমার কাছের মানুষদের সঙ্গে আলোচনা করার পরই এটা নেয়া; আমি জানি এটাই সঠিক সময়।’

জো রুটের নেতৃত্বের সময়কালকে দুই ভাগে ভাগ করা যায়। করোনা পূর্ববর্তী যুগ ও করোনা পরবর্তী যুগ। করোনা আসার আগের সময়টায় ইংল্যান্ডের অন্যতম সফল টেস্ট অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু করোনা আসার পর যেন খেই হারিয়ে ফেলে দলটি। সর্বশেষ ১৭ টেস্টে জয় মাত্র একটি। পরাজয়ের মধ্যে অ্যাশেজে বিধ্বস্ত হওয়া এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রুট।

অধিনায়ক হিসেবে ৬৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন জো রুট। এর মধ্যে জয় পেয়েছেন ২৭টিতে এবং পরাজয় ২৬টিতে। অর্থাৎ করোনার আগে তার নেতৃত্বে খেলা ৪৭ ম্যাচে জয় ২৬টি। আর করোনার পর ১৭ ম্যাচে জয় মাত্র একটি।

ইত্তেফাক/টিএ