লোহাগাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২  

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২০:৩০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শুক্রবার পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। নিহতরা হলেন- উপজেলার সাতগড় এলাকার আসহাব মিয়ার পুত্র ডাম্পার ট্রাক চালক কফিল উদ্দিন (২৪) ও উপজেলার আধুনগরের পেঠান পাড়ার হারুনুর রশিদেও পুত্র মো: মাহফুজ (২২) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলার চুনতি বনপুকুর এলাকাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী কাভার্ডভ্যান ও চট্টগ্রামমুখী ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে ডাম্পার ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ডাম্পার ট্রাক চালকসহ ২ জন নিহত হয়। 

অপরদিকে উপজেলার চরম্বা-কলাউজান সড়কের রাবার ড্যাম এলাকায় দুপুর ১ টার দিকে ডাম্পার ট্রাক ও মোটরচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিতা-পুত্র গুরুতর আহত হয়। ডাম্পার ট্রাক গাড়ি মোটর চালিত রিকশাকে ধাক্কা দিলে রিকশা থেকে ছিটকে পড়ে উপজেলা চরম্বা ইউনিয়নের সমশুল আলমের পুত্র রিকশা চালক মো. সোহেল (৩০) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে প্রেরণ করে। 

এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, কাভার্ডভ্যান ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 

ইত্তেফাক/এমএএম