রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ভারতে পৌঁছেছে

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০১:৪০

পশ্চিমাদের চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার তৈরি আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-এর একটি চালান ভারতে পৌঁছেছে। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে পর্যায়ক্রমে আরো এস-৪০০ আনা হবে। এদিকে ইউক্রেনে হামলার পর থেকে মস্কোকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা নেতারা।

নাম প্রকাশ না করা শর্তে ভারতের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন, ‘কোনো ধরনের বিলম্ব ছাড়াই আমরা পর্যায়ক্রমে রাশিয়া থেকে বাকি চালানগুলো পাব। কয়েক দিন আগে একটি চালান পাওয়ার কথা জানান তিনি।’ দিল্লিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ গত মাসে বলেন, ‘ভারতে এস-৪০০ সরবরাহের ক্ষেত্রে আমরা কোনো বাধার কথা ভাবি না। এই চুক্তিটি অব্যাহত রাখার যথেষ্ট প্রক্রিয়া ও পথ রয়েছে।’ পশ্চিমাদের আরোপ করা কোনো নিষেধাজ্ঞাই এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলেও জানান তিনি। খবর আরটি।

রাশিয়া তাদের অস্ত্রের প্রায় ৯০ শতাংশ বিক্রি করে বিশ্বের ১০ দেশে। সবচেয়ে বেশি বিক্রি করে ভারতের কাছে। ভারত গত পাঁচ বছরে রাশিয়ার অস্ত্রের ২৩ শতাংশ কেনে, যা তাদের মোট অস্ত্র আমদানির প্রায় অর্ধেক।

ইত্তেফাক/এএইচপি