ডিএসইতে বিদেশিদের শেয়ার বিক্রি কমেছে

আপডেট : ০২ জুন ২০১৯, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো মে মাসে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা কমেছে। আগের মাসের চেয়ে বেশি শেয়ার কিনলেও এ সময় তাদের বিক্রয়াদেশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যানুযায়ী, মে মাসে বিদেশিদের পোর্টফোলিও থেকে সিকিউরিটিজ বিক্রি হয়েছে ৩৮৪ কোটি ৯৮ লাখ টাকার। এপ্রিল ও মার্চে যা ছিল যথাক্রমে ৪১১ কোটি এবং ৪৯৯ কোটি টাকা। বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা মার্চে শেয়ার কিনেছিলেন ৩৭৫ কোটি টাকার, এপ্রিলে ২৫৭ কোটি টাকায় নেমে যাওয়ার পর মে মাসে যা বেড়ে দাঁড়ায় ৩১৯ কোটি ৮১ লাখ টাকায়।

ক্রয়-বিক্রয় হিসাব করে দেখা যায়, মে মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশি বিনিয়োগকারীরা নিট ৬৫ কোটি টাকার সিকিউরিটিজ বিক্রি করেছে। এপ্রিলে তাদের নিট বিক্রয় ছিল ১৫৪ কোটি টাকা এবং মার্চে ১২৪ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বিদেশিদের নিট ক্রয় ছিল যথাক্রমে ১৭৫ কোটি ও ৩২৩ কোটি টাকা।