সাবেক নাইট তারকার কাছে হারলো কলকাতা

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২:৩১

গত কয়েক আসর ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন রাহুল ত্রিপাটি। তবু, মিডল অর্ডার এই ব্যাটারকে ধরে রাখেনি কেকেআর। সেই সুযোগে নিলাম থেকে তাকে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার রাহুলের কাছেই হারলো কলকাতা।

গতকাল (১৫ এপ্রিল) চলমান আইপিএলের ২৫তম ম্যাচে মুখোমুখি হয় কলকাতা ও হায়দ্রাবাদ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল ও ৭ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ।

দলটির পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন রাহুল ত্রিপাটি। মাত্র ৩৭ বলে সাজানো তার ঝড়ো ইনিংসটিতে ছিল ৬টি ছয় ও ৪টি চারের মার। এছাড়া এইডেন মার্করাম ৩৬ বলে ৬৮ ও অধিনায়ক কেন উইলিয়ামসন ১৭ রান করেন। আন্দ্রে রাসেল ২টি ও প্যাট কামিন্স একটি উইকেট নেন।

এর আগে ব্যাট হাতে কলকাতার পক্ষে নিতিশ রানা ৫৪, আন্দ্রে রাসেল ৪৯ ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৮ রান করেন। হায়দ্রাবাদের বোলারদের মধ্যে টি নাটারাজান ৩টি, উমরান মালিক ২টি এবং ভুবেনেশ্বর কুমার, মার্কো জানসেন ও জাগদিশা সুচিত একটি করে উইকেট শিকার করেন।

ইত্তেফাক/টিএ