বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, করোনা মহামারি যতদিন থাকবে ততদিন আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পৃথিবী থেকে এখনো কিন্তু করোনা যায়নি। করোনার ঝুঁকি কিন্তু এখনো রয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে মাদারীপুরের শিবচরের মাদবরচর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রয়াত নেতা মরহুম হায়দার হোসেন মিন্টু হাওলাদারের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা ও কবর জিয়ারত শেষে শোক সভায় চীফ হুইপ এসব কথা বলেন।
লিটন চৌধুরী বলেন, অনেকেই দেখছি মাস্ক পড়েন না। করোনার ঝুঁকি তাদের যেমন রয়েছে পাশে যে আছে তারও তেমনি রয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে একজন মানুষ কোথায় যায় তা কিন্তু সরকার পর্যবেক্ষণ করে। তার সাথে কে গিয়েছে মোবাইলের মাধ্যমে তারা কিন্তু সবই জানতে পারে। তারা কিন্তু অনেক কড়াকড়ি। সেই তুলনায় আল্লাহ কিন্তু আমাদের অনেক ভাল রেখেছে। আমরা কিন্তু এর মধ্যে রোজা, ঈদসহ সব কিছুই করছি। আমাদেরকে আরও সাবধান হতে হবে।
চিফ হুইপ আরও বলেন, ত্যাগী নেতা কর্মী ও তাদের পরিবারের পাশে আওয়ামী লীগ সবসময় আছে। ইতোমধ্যেই অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। তাদের সন্তানসহ পরিবারের পাশে আওয়ামী লীগ সব সময় থাকবে। তাদের সন্তানদের লেখাপড়াসহ উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আওয়ামী লীগ পাশে থাকবে।
এদিন চিফ হুইপ তার পিতা মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। এছাড়াও চিফ হুইপ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মরহুম এ্যাডভোকেট ইকবাল, সন্ন্যাসীরচর ইউপি চেয়ারম্যান আঃ রউফ হাওলাদারের বাড়িতে গিয়ে পরিবারের স্বজনদের সমবেদনা জানান ও মরহুমের কবর জিয়ারত করেন।
এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান তোতাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কল্যাণে শিবচরে স্বাস্থ্যসেবায় ব্যাপক পরিবর্তন এসেছে: চিফ হুইপ
‘নির্বাচিত জনপ্রতিনিধিরা সবাই ভোটারদের কাছে ঋণী’
শিবচর ডায়বেটিস সমিতির উদ্বোধন করলেন চিফ হুইপ 