বেনাপোলে প্রবীণ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ২৩:৪৭

যশোরের বেনাপোলে এক প্রবীণ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একইসঙ্গে তিনিসহ তার পরিবারের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

ওই আওয়ামী লীগ নেতার নাম মগর আলী (৬৪)। তিনি বেনাপোল পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

আহত অবস্থায় মগর আলীকে যশোর জেনারেল হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন-নিহত মগর আলীর ছেলে হাসান আলী (৪০), হোসেন আলী (৩৫) ও হাসান আলীর ছেলে ইয়াসিন।

আহত হোসেন আলী জানান, তার পিতা শনিবার সন্ধ্যায় মেয়রের অফিসে ইফতার করেন। ইফতার শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে কাগজপুকুর গ্রামের হারুনের ইলেক্ট্রনিক্সের সামনে এলে তার ওপর হামলা চালানো হয়। এসময় বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে হামলাকারীরা।

তিনি আরও বলেন, হামলার কথা শুনে আমরা সেখানে যাই। গিয়ে ঘটনা কি জানতে চাইলে আমাদের ওপরেও আঘাত করে। সে সময় আমি, আমার ভাই হাসান ও ভাইপো ইয়াসিনকে তারা ছুরি ও দা দিয়ে আঘাত করে। আরব আলী, হারুন, সোহেল, জাহাঙ্গীর ও সাদেকসহ প্রায় ১৫ জন আমাদের ওপর হামলা করে। 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জসীম উদ্দিন জানান, বেনাপোল থেকে ধারালো অস্ত্রের আঘাত নিয়ে চারজন এসেছেন। তাদের মধ্যে তিনজনকে ভর্তি রাখা হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ এখনো যশোর মর্গে আছে। ঘটনাস্থল থেকে সামসের আলী নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

ইত্তেফাক/এএএম