নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় দক্ষিণ অংশে ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অফিস কক্ষ, ল্যাব সরঞ্জাম, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসের তিনজন কর্মী আহত হয়েছে।
অগ্নিনির্বাপক ইউনিটের ডিডিআই পুর্ণ চন্দ্র মোসেদ্দী বলেন, আমরা আগুণ নিভাতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলবো। আগুণটি ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই লেগেছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল বাকী বলেন, এখন পর্যন্ত একটা কক্ষেই বেশি ক্ষতি হয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাণ ও কারণ অনুসন্ধানের জন্য দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
