চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৯:১০

দিনব্যাপী নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। বৈশাখী শোভাযাত্রা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলীখেলা, মোরগ লড়াই, বউচি খেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনব্যাপী মুখর ছিল ক্যাম্পাস। 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় নববর্ষ উদযাপন।

এর বেলা ১২টা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে বর্ষবরণ উৎসব শুরু হয় সংগীতের মাধ্যমে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। 

এদিন বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলীখেলা। এরপর চবির জারুল তলায় হয় মোরগ লড়াই এবং চাকসু প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মেয়েদের বউচি খেলা।

চবি বাংলা নববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ড. শহীদুল ইসলাম বলেন, বলীখেলা বাংলার চিরায়িত লোক ঐতিহ্য। বর্ষবরণে নানা আয়োজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বলীখেলা বাড়তি আমেজ তৈরি করেছে। বলীখেলা ছাড়াও আমরা শোভাযাত্রা, বউচি খেলা, মোরগ লড়াই ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।

ইত্তেফাক/এআই