প্রথমা প্রকাশন প্রকাশিত এ কে খন্দকারের বই ‘১৯৭১:ভেতরে বাইরে’ বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘প্রথমা’।
গতকাল প্রথমা প্রকাশনের তরফ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমা প্রকাশন প্রকাশিত ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটি নিয়ে এর লেখক মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ (অব.) এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, বীর উত্তম সম্প্রতি সংবাদ সম্মেলনে বলেছেন, এ বইয়ের একটি অনুচ্ছেদে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্পর্কে তিনি একটি ভুল তথ্য পরিবেশন করেছেন। সে ভুল তথ্যসহ পুরো অনুচ্ছেদটি তিনি বইটি থেকে প্রত্যাহার করে নিতে চান।
‘১৯৭১:ভেতরে বাইরে’ বইয়ের লেখক এ কে খন্দকার, বীর উত্তম। তাঁর বইয়ের যে কোনো অংশগ্রহণ বর্জন পরিমার্জনের পূর্ণ অধিকার তাঁর আছে। লেখকের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বইটি বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছি।
