মাধবপুরে গৃহহীন সাফিয়া পেলেন ঘরের চাবি 

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৩:৪৯

মাধবপুরের সন্তোষপুর গ্রামের গৃহহীন হতদরিদ্র সাফিয়া স্বপ্নের ঘরের চাবি পেয়েছেন। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে শুক্রবার বিকালে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর কাছ থেকে পুলিশের তৈরি ঘরের চাবি গ্রহণ করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সৈয়দ ইমরুল হোসাইন রাসেলের দানকৃত দেড় শতক জায়গায় ঘরটি নির্মাণ করে দেয় বাংলাদেশ পুলিশ।

জানা যায়, মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের সহায় সম্বলহীন বিধবা সাফিয়া তার প্রতিবন্ধী ছেলে জামিলকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে রাত কাটানোর জায়গা পেতেন। ছেলে প্রতিবন্ধী হওয়ায় অনেকেই থাকার জায়গা দেয়নি , কাজেও নিত না। মানবেতর দিন কাটতো তাদের। আগামী দিনে কে দেখবে তার ছেলেকে? কোথায় থাকবে প্রতিবন্ধী ছেলেটি ? এ সব ভেবে ভেবে রাতে ঘুমাতে পারেননি সাফিয়া খাতুন। স্বপ্ন দেখতো একটি নিরাপদ আশ্রয়ের। একটি ঘরের। এ সময় মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক খুঁজেপেলেন তাকে। চারাভাঙ্গা গ্রামের সৈয়দ ইমরুল হোসাইন রাসেলকে জমি দানের জন্য প্রস্তাব দেন। রাসেলের দানকৃত জমিতে পুলিশ হেডকোয়াটার্সের তত্ত্বাবধানে নির্মাণ করা হয় ঘর। বুঝিয়ে দেওয়া হয়েছে সাফিয়া খাতুনকে। 

পুলিশের তদারকিতে নির্মিত আধুনিক সুবিধা সম্বলিত ঘর পেয়ে আনন্দে কেঁদে কেঁদে সাফিয়া বলেন, এখন মরে গেলেও আর দুঃখ নেই। প্রতিবন্ধী ছেলেটি এখন ঘরে থাকতে পারবে। মানুষের বাড়িতে কাজে গেলে ছেলেকে সাথে নিতে হবে না। শুনতে হবে না মানুষের ভৎর্সনা। সৈয়দ রাসেলের দানকৃত জায়গায় বাংলাদেশ পুলিশের নির্মিত দুই কক্ষ বিশিষ্ট ঘরটিতে এখন সাফিয়ার অনেক স্বপ্ন।একদিন ঘরে ছেলের বউ আনার ও স্বপ্ন দেখছেন সাফিয়া খাতুন।

গত ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে পুলিশের নির্মিত ঘরের উদ্বোধন করেন। শুক্রবার বিকালে সাফিয়ার হাতে ঘরের চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খান, জমি দাতা সৈয়দ ইমরুল হোসাইন রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইত্তেফাক/কেকে