কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধু ১০০ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালি ধানে ভরে গেছে উপজেলার দুটি বিলের ১০০ বিঘা জমি। এসব জমির কৃষকদের মুখে হাসি ফুটেছে। তাদের চোখেমুখে এখন রঙিন স্বপ্ন।
রবিবার আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ১০০ জাতের এ ধান কাটা শুরু হয়েছে। উপজেলার বাগান উত্তরপাড়া বিলে কৃষক মফিজ শেখের জমির ধান কাটার মাধ্যমে এ উপজেলার বঙ্গবন্ধু ১০০ জাতের ধান কাটা শুরু হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে ধান কর্তন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন জাতের ধান বঙ্গবন্ধু ১০০ আবিষ্কার করেছেন। আজকে সেই জাতের ধান জাতির জনকের পুণ্যভূমি গোপালগঞ্জের কোটালীপাড়ায় শোভা পাচ্ছে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু ১০০ জাতের ধানের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি একটি জিংক সমৃদ্ধ ধান। এতে জিংকের পরিমাণ ২৫.৭ মিলিগ্রাম| যা মানবদেহের জিংকের ঘাটতি পূরণে ব্যাপক ভূমিকা রাখতে পারে।
মহাপরিচালক সৈয়দ রবিউল আলম বলেন, দেশের কৃষকরা যাতে বঙ্গবন্ধু ১০০ জাতের ধান রোপণে উদ্বুদ্ধ হয় সেজন্য বাপার্ড কাজ করে যাবে।
