কর্ণফুলী নদীতে কিশোরীর ঝাঁপ

আপডেট : ০২ জুন ২০১৯, ২২:৪১

মুন্নি আক্তার (১৬) নামের এক কিশোরী কর্ণফুলী নদীতে ঝাঁপ দেওয়ার ৯ ঘণ্টা পর দমকল বাহিনীর ডুবুরি দল তার লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ভোরে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায়।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম জানান, ভোরে বিভিন্ন মাধ্যমে সংবাদ আসে যে সকাল ৬টার সময় মুন্নি আক্তার নামের এক কিশোরী চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকার কয়লার ডিপোর পেছনের প্রবাহমান কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে মুন্নির বাবা আবুল কাশেম উপস্থিত ছিলেন। নদীর তীরে মুন্নির একজোড়া স্যান্ডেল ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

মুন্নির বাবা আবুল কাশেম জানান, সকালে মেয়ের হাতের লেখা একটি চিরকুট পাওয়া যায়। তখন ঘরের কোথাও মুন্নি ছিল না। খবর পেয়ে তিনি নদীর ঘাটে যান এবং মেয়ের স্যান্ডেল শনাক্ত করেন।

পরে বিকাল ৪টায় একই স্থান থেকে ডুবুরিরা মুন্নির লাশ উদ্ধার করে।

ওসি (তদন্ত) জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি পাঠানো হয়েছে। পুলিশ এ পর্যন্ত কাউকে আটক করেনি। মুন্নির বাবা মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।