দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ইফতার পাঠালেন মাশরাফি

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২২:১৩

নড়াইলে দায়িত্বরত ট্রাফিক ও টহল পুলিশ সদস্যদের সম্মানে ইফতার পাঠিয়েছেন সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সোমবার (১৮ এপ্রিল) এসব ইফতার পাঠানো হয়। 

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের নিজ বাড়িতে এসব ইফতার তৈরি করা হয়। একদল তরুণ ইফতারের আগ মুহূর্তে নড়াইল বাঁধাঘাট সংলগ্ন ট্রাফিক ফাঁড়িতে এসব ইফতার পৌঁছে দেন। 

পুলিশ সদস্যকে ইফতার দেওয়া হচ্ছে।

মাশরাফির সৌজন্যে দেওয়া ইফতারের প্যাকেটে লেখা ছিল- ‘পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সবাই যখন পরিবার-পরিজনের সঙ্গে ইফতার করে, তখন আপনারা থাকেন সড়কে শৃঙ্খলা রক্ষা আর জনসাধারণের নিরাপত্তার দায়িত্বে। পেশাদারিত্বের দায়বদ্ধতাই শুধু নয়, মানুষের সেবায় আপনাদের কর্ম অনন্য হয়ে রবে।’

পুলিশ সদস্যকে ইফতার দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক এএসআই মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের খুব ভালো লাগছে যে-আমাদের খোঁজ নেওয়ার মতো একজন মানুষ নড়াইলে আছেন। আমরা এমপি সাহেবকে ধন্যবাদ জানাই।’

এএসআই হযরত আলী বলেন, ‘মাশরাফি স্যার শুধু ভালো খেলোয়াড়ই নন, তিনি একজন ভালো মানুষ। আগে লোকের মুখে এসব শুনেছি, আজ নিজেই তা বুঝতে পারলাম। এতো কিছুর মধ্যেও তিনি আমাদের মতো পুলিশ সদস্যদের সমাদর করেন, সম্মান করেন।’ 

ইত্তেফাক/এএএম