গোড়ালির চোটের সঙ্গে শরীরে বিশেষ এক ব্যথার কারণে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলা হয়নি শরিফুল ইসলামের। প্রথম টেস্টের পরই দেশে ফিরেছেন তিনি। গত কয়েক দিনের বিশ্রামে গোড়ালির চোট অনেকটাই সেরে গেছে তার। তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে এ তরুণ পেসারের খেলা অনিশ্চিত।
কারণ নন-স্পোর্টস মানে শরীরের বিশেষ অঙ্গে ব্যথায় ভুগছেন শরিফুল। এজন্য ছুরি-কাচির নিচে যেতেই হচ্ছে তাকে। অস্ত্রোপচার করাতে এপ্রিলের শেষ সপ্তাহে সিঙ্গাপুরে যাবেন তিনি।
শরিফুলের ইনজুরির সর্বশেষ অবস্হা জানাতে গিয়ে সোমবার (১৮ এপ্রিল) বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শরিফুলের দুইটা সমস্যা আছে, একটা স্পোর্টস রিলেটেড একটা নন স্পোর্টস রিলেটেড। স্পোর্টস রিলেটেড যে সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসে, সেই সমস্যাটা এখন অনেকটাই কেটে গেছে। ওর আঙ্কেলের ব্যথা পুরোটাই কেটে গেছে। সেটা নিয়ে কোনো শঙ্কা এই মুহূর্তে নেই। তবে ওকে আমরা ডিপিএলে অংশগ্রহণ করা থেকে বিরত রেখেছি।’
সেই বিশেষ ব্যথা দূর করতে তরুণ এই ক্রিকেটারের অস্ত্রোপচার করাতেই হবে। বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘কিন্তু একটা নন স্পোর্টস রিলেটেড ইনজুরি ওকে অনেক দিন ধরে ভোগাচ্ছে। যেটার একটা সার্জিক্যাল সলিউশন দরকার। ওর ছোট সার্জারিটা সম্পূর্ণ করে আমরা যদি তাড়াতাড়ি ফেরত আনতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি খেলায় ফিরতে পারবে। এই সার্জারিটা আমরা সিঙ্গাপুর করানোর চিন্তা-ভাবনা করছি।’
অস্ত্রোপচারের পর সুস্হ হয়ে দ্রুত খেলায় ফেরার আশা করছেন শরিফুল। তিনি বলেছেন, ‘২৫-২৬ এর (এপ্রিল) মধ্যে আমরা সিঙ্গাপুর যাবো। তারপর সার্জারি হবে।’ অস্ত্রোপচারের পরই চূড়ান্ত হবে, কবে মাঠে ফিরতে পারবেন শরিফুল।
