বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুপরিকল্পিতভাবে জিয়াউর রহমানকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভিলেন বা খলনায়ক হিসেবে দেখানো হচ্ছে। আজকের প্রজন্ম জিয়াউর রহমান সম্পর্কে কিছুই জানে না। যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তাদের কাছ থেকে আমি শুনেছি, সেখানে জিয়াউর রহমানকে ভিলেন হিসেবে দেখানো হয়। এটা অত্যন্ত সুপরিকল্পিত। কারণ তার মূল অবদানটাই হচ্ছে বাংলাদেশকে একটি স্বতন্ত্র মূলনীতি দেওয়া।
গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কার্যালয়ের নিচে এক স্মৃতিস্মারক ও দেয়ালিকা প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার’ আয়োজিত এই প্রদর্শনীর স্লোগান ছিল ‘আঁধারের সাথে দ্বন্দ্ব’।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে দলটির মহাসচিব বলেন, ‘আমরা জিয়াউর রহমানকে অনুসরণ করছি এবং করব। আর সেটাই হবে জিয়াউর রহমানের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো।’ তিনি বলেন, বিএনপি ও বাংলাদেশ জাতিকে টিকিয়ে রাখার মূলমন্ত্র হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। সুতরাং আমাদের উচিত হবে জিয়াউর রহমানের জীবনের ওপর আলোচনা শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে সারাদেশে ছড়িয়ে দেওয়া।
বিএনপি মহাসচিব একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন ভোটের দাবি জানিয়ে বলেন, এই দখলদার সরকারকে স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণ তাদের ন্যায্য দাবি আদায় করে নেবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা জিয়াউর রহমান ও তাঁর রাজনীতিকে ভালোবাসি এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, তাদের দায়িত্ব হচ্ছে— জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা। আর সেই আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ফখরুল।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের ৪৯টি আলোকচিত্র এবং জিয়া নিহত হওয়ার পর পত্রিকায় প্রকাশিত আটটি সংবাদ প্রদর্শন করা হয়। আয়োজক সংগঠনের পরিচালক বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ বক্তব্য দেন।
