টানা দুইদিনের সংঘর্ষের পর অবশেষে খুলেছে নিউমার্কেটের দোকানপাট। বুধবার (২০ এপ্রিল) দুপুরের পর থেকে ধীরে ধীরে এখানকার দোকানগুলো খুলতে শুরু করে।
বুধবার সকালে এই সমিতির পক্ষ থেকে জানানো হয়, দোকান খোলা হবে না। পরে পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন আসে তাদের সিদ্ধান্তে। দোকান মালিক সমিতির ঘোষণার পর অনেকেই দোকান খুলতে দেখা গেছে।
একইদিন সংবাদ সম্মেলেন নিউমার্কেট দোকান সমিতির সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই। গতকাল মঙ্গলবার সংঘর্ষে যারা হামলা চালিয়েছিলেন তারা কেউ ব্যবসায়ী নন। আমরা এ ঘটনার শান্তিপূর্ণ সমাধান চাই। এ ঘটনা নিয়ে কেউ যেন উসকানিমূলক কথা, বক্তব্য ও পোস্ট না দেন, এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।
এদিন সকাল থেকে এই এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও নিউমার্কেট ও আশেপাশের মার্কেটগুলোতে দোকানপাট বন্ধ ছিল। এদিন সকালে দেখা যায়, গতকাল রাস্তায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ধ্বংসাবশেষ, ইট-পাটকেল তখনও রাস্তায় পড়েছিল। সড়কে ব্যবসায়ী-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতি না থাকলেও নিরাপত্তার জন্য ছিল বিপুল সংখ্যক পুলিশ। অনেক ব্যবসায়ী দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে দোকান মালিক সমিতির সিদ্ধান্ত না আসায় তখনও খোলা হয়নি দোকানপাট।
