বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে বুধবার (২০ এপ্রিল) সকালে কমপক্ষে ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় এক কিশোরীর মৃত্যু হয়েছে, ৩ শিশুসহ ৪ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যাত্রীদের অধিকাংশই জীবিত উদ্ধার হয়েছে।
সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা জানান, অধিকাংশ যাত্রী উদ্ধার হয়েছে। এক কিশোরীর মৃত্যু হয়েছে। ৩টি শিশু নিখোঁজ আছে বলে জানা গেছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যা জানার চেষ্টা চলছে।
সন্দীপ থানার ওসি বশির আহমেদ খান জানান, নিহত কিশোরীর নাম নুসরাত জাহান আনিকা(১৪)। বুধবার সকাল ৯টায় সন্দীপ চ্যানেলের গুপ্তছড়া অংশে স্পিডবোটটি ডুবে যায়।
সন্দীপ থানার এসআই জাফর উল্লাহ জানান, সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে একটি স্পিডবোট সন্দীপের গুপ্তছড়া ঘাটে যাবার পথে চ্যানেলের মাঝ বরাবর হঠাৎ
ঝড়ো হাওয়ার কবলে পড়ে। স্পিডবোটটিতে ২০ জন যাত্রী ছিলো। অনেকে সাগরে থাকা অন্যান্য নৌযানের সাহায্যে উদ্ধার পায়। কেউ নিখোঁজ আছে কিনা
সেটা দেখা হচ্ছে। একজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
