ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, পবিত্র রমজান মাসে পাপীদের ঝেড়ে ফেলে পাপমুক্ত হয়ে কাজ করতে চাই। জনগণকে সঙ্গে নিয়ে এতদিন উন্নয়ন করে এসেছি আগামীতেও জনগণকে সঙ্গে নিয়ে পাপীদেরকে বাদ দিয়ে উন্নয়ন করে যাবো, ইনশাআল্লাহ।
বুধবার (২০ এপ্রিল) উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিদ পুরা গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গুচ্ছগ্রামের সুবিধাভোগী শত শত গ্রামবাসী ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও নেতাকর্মীদের সঙ্গে এমপি নিক্সন চৌধুরীর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইতিপূর্বে যারা আমার রাজনীতির সঙ্গে মিশে অনিয়ম ও দুর্নীতি করে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে তাদের আমি ইতিমধ্যেই বাদ দিয়েছি। আগামীতেও সকলকে সতর্ক হয়ে স্বচ্ছভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উপহার গুচ্ছগ্রামে যে সব সুবিধাভোগী জনগণ ঘর উপহার পেয়েছেন তাদের আগামীতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করার আহ্বান জানান। একই সঙ্গে গুচ্ছগ্রাম নির্মাণে সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মোস্তাফিজুর রহমান, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর মুন্সি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, গুচ্ছগ্রামের সুবিধাভোগী শত শত নারী-পুরুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
