চট্টগ্রামে মামুন হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০১:৪৫

চট্টগ্রামের কর্ণফুলী থানার ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ প্রকাশ সাগর হত্যা মামলায় সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কর্ণফুলী থানার শাহমীরপুর জমাদারপাড়ার মো. আজম, ফারুক প্রকাশ আশিক, আলী আজগর প্রকাশ হৃদয়, মো. ওমর উদ্দীন, শওকত হোসেন প্রকাশ শাহনুর, এস এম আশরাফুল আলম সুমন এবং মো. পারভেজ। ৭ জনের মধ্যে এস এম আশরাফুল আলম সুমন ও মো. পারভেজ পলাতক রয়েছে।

আদালত সূত্র জানায়, কর্ণফুলী থানার শাহমীরপুরে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মামুনুর রশিদ প্রকাশ সাগরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন মো. ইয়াছিন কর্ণফুলী থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের ৩ মার্চ আদালতে চার্জশিট দেওয়া হয়। ২০২১ সালের ৫ জানুয়ারি আদালতে চার্জ গঠন করা হয়। ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

পিপি আইয়ুব খান বলেন, মামুনুর রশিদ প্রকাশ সাগর হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ওমর উদ্দিন নামে এক আসামিকে ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএএম