পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১৯ জন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা সেগুন বাগান এলাকায় মিনি ট্রাক উলটে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৬ জন। তারা সবাই নির্মাণশ্রমিক। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। কাপ্তাইয়ে একটি বিল্ডিংয়ের ঢালাই কাজের জন্য মিকচার মেশিনবোঝাইসহ তারা ট্রাকে করে যাওয়ার পথে উলটে দুর্ঘটনার শিকার হন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিলকী জানান, কাপ্তাই থানার আওতাধীন হওয়ায় হাসপাতালে নিহতদের লাশের ময়নাতদন্তের ব্যবস্থা ঐ থানার পুলিশের দায়িত্বে করা হবে।
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো.রাসেল মিয়া নামের মোটরসাইকেল চালক মারা গেছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের যাত্রী খোকন বণিক। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বড়নালের ডাকবাংলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। তবলছড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ মো. মনির হোসেন বলেন, সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তারা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেছে। তবে পুরো বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।
