নওগাঁর মান্দায় ১শ’ ৬৬ কেজি ওজনের কষ্টিপাথরের দু’টি শ্রীকৃষ্ণ মূর্তি উদ্ধার

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৯:৪২

নওগাঁর মান্দায় দুই পাচারকারির বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ১শ’ ৬৬ কেজি ওজনের কষ্টিপাথরের দু’টি শ্রীকৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটেলিয়ন। গতকাল বুধবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার কৃত্তলি গ্রামের ইব্রাহিম মিয়া ও মো. কাদেরের বাড়ির ভিতরে থেকে মূর্তি দু’টি উদ্ধার করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান। 

পলাতকরা মান্দা উপজেলার কৃত্তলি গ্রামের তাহের উদ্দিনের ছেলে ইব্রাহিম মিয়া ও মৃত আহাম্মদ আলীল ছেলে মো. কাদের। 

বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটলিয়নের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে কষ্টি পাথরের মূর্তি পাচারের উদ্দেশ্যে ইব্রাহিম মিয়া ও মো. কাদেরের বাড়ির মধ্যে রাখা হয়েছে। এমন তথ্যে ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে মান্দার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক ও মান্দা থানার এসআই ফজলে এলাহীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল ইব্রাহিম মিয়া ও মো. কাদেরের বাড়িতে পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ইব্রাহিম মিয়ার বাড়ির ভিতরে রান্না ঘরের মধ্যে ১শ’ ১০ কেজি এবং মো. কাদের এর বাড়ির ভিতরে ঘরের মধ্যে ৫৬ কেজি ওজনের দু’টি কষ্টিপাথরের শ্রীকৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মূর্তি দু’টি উদ্ধারের পর সাড়ে ৭ টার দিকে নওগাঁ জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দের সহযোগিতায় পরীক্ষা করে কষ্টিপাথরের বলে নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি দু’টির ওজন ১শ’ ৬৬ কেজি। যার আনুমানিক মূল্য এক কোটি ছেষট্টি লাখ টাকা। 

লে: কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান আরো জানান, উদ্ধারকৃত কষ্টিপাথরের শ্রীকৃষ্ণ মূর্তি দু’টি দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযান পরিচালনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কষ্টিপাথরের মূর্তিগুলো ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে জড়িতদেরও আইনের আওয়াতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

 

ইত্তেফাক/ইআ