ভারতে পর্বতে উঠতে গিয়ে ৮ পর্বতারোহী নিখোঁজ

আপডেট : ০৩ জুন ২০১৯, ০০:৪৫

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত নন্দা দেবীর শিখরে উঠতে গিয়ে আটজন পর্বতারোহীর একটি দল নিখোঁজ হয়ে গেছে। এই দলে আছে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের নাগরিক। তারা হিমালয়ের ৭ হাজার ৮১৬ মিটার উঁচু পর্বতটির পূর্ব দিক থেকে গত ১৩ মে উঠতে শুরু করেন। কিন্তু যখন তারা নির্ধারিত সময়েও বেস ক্যাম্পে ফেরত আসেননি, তখন অনুসন্ধান ও উদ্ধার দলগুলোকে তাদের খোঁজে পাঠানো হয়। তবে স্থানীয় একজন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, ভারী বৃষ্টি আর তুষারপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

পিথোরাগড় জেলার ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোগদান্ডে বলেন, পর্বতারোহীরা বেস ক্যাম্পে ফিরে না আসায় তাদের খুঁজে বের করতে আমরা সর্বশক্তি নিয়োগ করেছি, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে অভিযানে সমস্যা হচ্ছে। আটজনের এই দলে রয়েছেন চারজন ব্রিটিশ, দুইজন আমেরিকান, একজন অস্ট্রেলিয়ান আর একজন ভারতীয় নাগরিক। দলটিকে নেতৃত্ব দিয়েছেন ব্রিটিশ পর্বতারোহী মার্টিন মোরান, যার স্কটল্যান্ডের কোম্পানি ভারতীয় হিমালয় অঞ্চলে অনেক পর্বত অভিযান পরিচালনা করেছে। অভিযানের একদিন আগে মার্টিন মোরান তার ফেসবুক পাতায় যে ছবি পোস্ট করেন, সেখানে দেখা যায় যে, দলটি ভাওয়ালির নেম খারোলি বাবা মন্দিরের চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। -বিবিসি