কালীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা    

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১১:০৭

লালমনিরহাটের কালীগঞ্জে আইয়ুব আলী নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের একটি রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তালেব মো. গোলাম রসূল।

নিহত আইয়ুব আলী উপজেলার চলবলা ইউনিয়নের হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আইয়ুব আলী চাপারহাট বাজারে ফ্রেক্সিলোড,বিকাশ ও মোবাইলের ব্যবসা করতেন। বুধবার দোকান বন্ধ করে রাত এক টার দিকে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের চাপারহাট-সোনারহাট সড়কে ধনঞ্জয় কেচুর বাড়িসংলগ্ন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথ রোধ করে। ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে আইয়ুব আলী মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়ে যান। দুর্বৃত্তরা তখন রামদা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ভোরে মানুষজন সড়কে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে এবং রামদাসহ মোটরসাইকেল উদ্ধার করে। 

তিনি আরও জানান, নিহত আইয়ুব আলীর লাশ এখনো থানা হেফাজতে আছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/ইআ