পূজায় ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর, স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৮:২৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকবে। বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। এর মধ্যে শুক্র ও শনিবার বাংলাদেশে সরকারি ছুটি হওয়ায় মোট ৮ দিন বন্ধ থাকছে এই স্থলবন্দরটি। 

বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ভারত থেকে কোনো পণ্যের আমদানি-রপ্তানি করা হবে না। ২৩ অক্টোবর শুক্রবারও বন্ধ থাকবে। ২৪ অক্টোবর থেকে উভয় দেশের বাণিজ্যিক কার্যক্রম চালু হবে। একই সময়ে ভারতের ট্রানজিট রুট ব্যবহার করে বাংলাদেশের বুড়িমারী দিয়ে ভুটান ও নেপালের করা ব্যবসা বা আমদানি-রপ্তানিও বন্ধ থাকবে।

ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অজয় কুমার সাহা ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত চিঠিতে  উল্লেখিত তারিখে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ও সচল করার কথা জানিয়েছে। চিঠিতে তাঁরা আরো জানিয়েছে আগামী ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর কালী পূজা উপলক্ষে ৩ দিন এবং ছট পূজা উপলক্ষে আগামী ১৫ ও ১৬ নভেম্বর ২ দিন একইভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে। 

বন্ধের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) ও স্থলবন্দর কর্তৃপক্ষ। তবে উভয় স্থলবন্দরের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। 

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মতলেবুর রহমান বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। তবে আমাদের শুল্ক দপ্তর খোলা থাকবে।’

ইত্তেফাক/এমএস