ভারতে শুরু হিন্দি চাপিয়ে দেওয়া ঠেকাও আন্দোলন

আপডেট : ০৩ জুন ২০১৯, ০০:৪৫

ভারতে নতুন এক শিক্ষানীতি সব স্কুলে হিন্দিকে তিনটি ভাষার একটি হিসেবে চালু করতে সুপারিশ করার পর এই প্রস্তাবের বিরুদ্ধে দক্ষিণ ভারতে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। বিশেষ করে তামিলনাডুতে প্রায় সব রাজনৈতিক দল বলছে তারা সর্বশক্তিতে এই প্রস্তাব রুখবে। পাশাপাশি সেখানে সোশ্যাল মিডিয়াতেও দারুণভাবে ট্রেন্ড করছে ‘হ্যাশট্যাগ স্টপহিন্দিইম্পোজিশন’ অর্থাত্ ‘হিন্দি চাপিয়ে দেওয়া ঠেকাও’। এই বাধার মুখে কেন্দ্রীয় সরকারও এখন সাফাই দিচ্ছে যে মানুষের মতামত না নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নই ওঠে না।

ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার ঠিক পরদিনই সরকারের কাছে জমা পড়ে নতুন একটি শিক্ষানীতির খসড়া যা প্রস্তুত করেছে দেশের নামী মহাকাশবিজ্ঞানী কে কস্তুরীরঙ্গনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ প্যানেল। ওই ‘খসড়া জাতীয় শিক্ষা নীতি ২০১৯’ এ বলা হয়, বিগত পঞ্চাশ বছর ধরে ভারতের স্কুলগুলোতে যে ‘তিন ভাষা ফর্মুলা’ চালু আছে সেটা শুধু বহাল রাখাই যথেষ্ঠ নয় তা এখন বাচ্চাদের জন্য আরও অনেক কম বয়সে চালু করা দরকার। এখন যেহেতু এই তিনটে ভাষার একটা অবশ্যই হিন্দি হতে হবে এবং ভারতে যে বাচ্চাদের মাতৃভাষা হিন্দি নয় তাদেরও খুব কম বয়স থেকে হিন্দি শেখাটা বাধ্যতামূলক হবে। তাই দক্ষিণ ভারতে প্রায় সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়ে যায়। -বিবিসি