বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বাকসু ভবনের সামনের পুকুর থেকে সীমান্ত কর্মকার নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঐ ছাত্রকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম। মৃত সীমান্ত কর্মকার নগরীর শের-ই-বাংলা সড়কের অরুন কর্মকারের ছেলে। সে সরকারি আলেকান্দা কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্বজনদের বরাত দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, দুপুর ১টার দিকে ব্রজমোহন কলেজের বাকসু ভবনের সামনের পুকুরে বন্ধুদের নিয়ে গোসল করতে নেমে সাঁতার প্রতিযোগিতা করতে গিয়ে নিখোঁজ হন সীমান্ত। এরপর দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সীমান্তকে পুকুর থেকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয় তাকে।

বরিশালে দুই মামলায় সিটি মেয়রসহ কয়েক শ আসামি