খুলনায় জমে উঠেছে টুপি-আতরের বাজার

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১০:৫১

খুলনায় টুপি, জায়নামাজ ও আতরের মার্কেটে বিকিকিনি জমজমাট হয়ে উঠেছে। ঈদকে সামনে রেখে নগরীর হেলাতলা মসজিদের ১৪টি ধর্মীয় বইয়ের দোকানে টুপি, জায়নামাজ, আতর, তসবি, কোরআন শরিফ বেচাবিক্রি শুরু হয়েছে। দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ঈদের হরেক রকমের জিনিসপত্র। মার্কেটে কাবা, পাকিস্তানি, নেপালী, আফগানি, ইন্দোনেশিয়ান, গুজরাটিসহ বিভিন্ন রকমের টুপি রয়েছে।

এছাড়াও দুবাই, সৌদী, ইন্ডিয়া, ফ্রান্স ও বাংলাদেশি তৈরি আতর বিক্রি হচ্ছে। প্রতি টুপি সর্বনিম্ন ১০০ টাকা থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে প্রতি সিসি আতর বিক্রি হচ্ছে ৫০-৫০০ টাকায়। এছাড়া তুর্কি, চায়না, সৌদী ও বাংলাদেশি জায়নামাজ বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত। নূরানি ও হাফেজি কালার কোর্ট কোরআন শরিফ ১০০ টাকা থেকে ২০০ টাকা। বিভিন্ন প্রকারের তসবিও বিক্রি হচ্ছে।

নগরীর টুটুপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে ৬৫০ টাকা একটি তুর্কি জায়নামাজ ও ৩০ টাকা দাম দিয়ে একটি তসবি কিনেছেন। দাম সহনীয় পর্যায় আছে বলে জানান তিনি। ফোরকানিয়া লাইব্রেরির মালিক মো. আদম আলী হাওলাদার বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে বিগত দুই বছর ব্যবসাবাণিজ্য মোটেই ভালো ছিল না।

তবে বর্তমান পরিস্থিতিতে ব্যবসা কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। ঈদকে সামনে রেখে বেচাবিক্রি শুরু হয়েছে। আগামী ২০ রমজানের পর থেকে বিক্রি আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরেক দোকানি সালেহিয়া লাইব্রেরির মালিক ইছা রুহুল্লাহ বলেন, করোনা ভাইরাসের কারণে ব্যবসাবাণিজ্য খুবই মন্দা যাচ্ছিল। ঈদকে সামনে রেখে কিছুটা বেচাবিক্রি বেড়েছে।

ইত্তেফাক/এমআর