প্রিমিয়ার লিগে উঠল অগ্রণী ও র‍্যাপিড

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১০:২৫

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। লিগে রানার্সআপ হয়েছে র্যাপিড ফাউন্ডেশন। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) থেকে জানা গেছে, ২৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় অগ্রণী ব্যাংক। ২৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ র্যাপিড ফাউন্ডেশন।

লিগের শীর্ষ দুই দল হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে উন্নীত হলো ক্লাব দুটি। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে অগ্রণী ব্যাংক ও র্যাপিড ফাউন্ডেশন। অগ্রণী ব্যাংক অতীতেও প্রিমিয়ার লিগ খেলেছিল। র্যাপিড ফাউন্ডেশন এবারই প্রথম বার প্রিমিয়ার লিগে উঠে এলো।

আজ শেষ হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে র্যাপিড ও অগ্রণী ব্যাংকের খেলা শেষ হয়েছে গতকাল। লিগে নিজেদের শেষ ম্যাচে র্যাপিড ৬ উইকেটে হারিয়েছে উদয়াচল ক্লাবকে। অগ্রণী ব্যাংক অবশ্য হেরেছে উত্তরা স্পোর্টিং ক্লাবের কাছে। এবার লিগে সর্বোচ্চ ৯০৫ রান করেছেন র‍্যাপিডের সাব্বির হোসেন। একই ক্লাবের সোহেল রানা লিগের সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি এই পেসার পেয়েছেন ৩৮ উইকেট।

গতকাল র্যাপিড ফাউন্ডেশনের চেয়ারম্যান হানিফ ভূঁইয়া জানিয়েছেন, প্রথম বিভাগে সফল হওয়া ক্রিকেটারদের নিয়েই আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে দল গড়তে চান। বিসিবির সাবেক এ পরিচালক বলেছেন, ‘ছেলেরা খুব ভালো খেলেছে। পুরো কৃতিত্ব ওদের। আমি ওদের বলেছি, তারকা ক্রিকেটার নয়, আমি তোমাদের নিয়ে দল করব, তোমরাই খেলবে। এই সুযোগ তোমাদের প্রাপ্য। আমার বিশ্বাস ওরা প্রিমিয়ার লিগেও ভালো করবে। আমাদের ব্যাটসম্যান ৯০৫ রান করেছে, বোলার ৩৮ উইকেট নিয়েছে। এটা দুর্দান্ত পারফরম্যান্স। এরা বিসিবির নজরেও আছে।’ 

ইত্তেফাক/ইআ