শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা সীমান্তের রাংটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম শ্রী অষ্ট মনি কোচ (৫০)। সে ওই গ্রামের শ্রী মাখন চন্দ্র কোচের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী ভেজা কাপড় জিআই তারে শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবার ও আশপাশের লোকজন এসে বিদ্যুতের সংযোগ খুলে দেয়। এতে গুরুতরভাবে আহত হন সে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
