মহেন্দ্র সিং ধোনির টেস্ট থেকে অবসরের পর ভারতীয় দলের অবিচ্ছেদ অংশ হয়ে যান ঋদ্ধিমান সাহা। বিশেষ করে টেস্ট দলের নিয়মিত সদস্য তিনি। কিন্তু এখন সেটা অতীত। দল থেকেও বাদ পড়েছেন। তাকে আর দলে ফেরানো হবে না বলেই একপ্রকার জানিয়ে দিয়েছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। এতকিছুর মধ্যেই গত ফেব্রুয়ারিতে এক সাংবাদিকের স্ক্রিনশট শেয়ার দিয়ে নতুন আলোচনার জন্ম দেন এই উইকেটকিপার ব্যাটার।
টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করেছিলেন ঋদ্ধিমান সাহা। যেখানে এক সাংবাদিক তাকে অপমানসূচক কিছু কথা বলেছেন। তবে তখন সাংবাদিকের পরিচয় প্রকাশ করেননি অভিজ্ঞ এই ক্রিকেটার। সেই পোস্টের ক্যাপশনে ঋদ্ধিমান লেখেন, ‘ভারতের ক্রিকেটে আমার সব অবদানের পর.. তথাকথিত সম্মানিত সাংবাদিকের কাছ থেকে আমি এমন ব্যবহার পাচ্ছি! সাংবাদিকতা আজ কোথায় যাচ্ছে।’
পরবর্তীতে অবশ্য সেই সাংবাদিকের পরিচয় প্রকাশ পায়। তিনি পশ্চিম বাংলার সাংবাদিক ও বোর্ড সভাপতির প্রিয়পাত্র বলে পরিচিত বরিয়া মজুমদার। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিসিসিআই। তারা এবার ঋদ্ধির অভিযোগের পক্ষে প্রমাণ পেয়েছেন। তাই এবার ওই সাংবাদিককে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এমন খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
সিদ্ধান্ত মোতাবেক, আগামী দুই বছর বরিয়া মজুমদার বিসিসিআই ও ক্রিকেট অধীনস্থ কোনো খবর সংগ্রহ করতে পারবে না। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য সানডে এক্সপ্রেসকে বলেন, ‘আমরা ভারতের ক্রিকেট বোর্ডের সব রাজ্য সংস্থাকে জানিয়ে দেবো, তাকে যেন কোনো স্টেডিয়ামে ঢুকতে না দেওয়া হয় এবং দেশের মাঠে কোনো ম্যাচের মিডিয়া অ্যাক্রেডিটেশন দেওয়া না হয়। আইসিসির কাছেও চিঠি পাঠিয়ে দেওয়া হবে।’
