মতলব উত্তরে বাড়ছে সূর্যমুখীর চাষ

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৭:৩৪

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চাষ হচ্ছে সূর্যমুখীর। এর মধ্যে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি এলাকায় প্রথম বারের মতো চাষ হচ্ছে সূর্যমুখী ফুল। কম খরচে অধিক লাভবান হওয়ায় এ চাষ কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। সরজমিনে দেখা যায়, সূর্যের ঝলকানিতে হলুদ রঙে ঝলমল করছে চারপাশ। 

সূর্যের দিকে মুখ করে আছে ফুল, সকালে পূর্ব দিকে তাকিয়ে হাসলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আবর্তনে তার দিক পরিবর্তন হয়। বিস্তীর্ণ মাঠ জুড়ে এ যেন সবুজের মাঝে হলুদের সমাহার। সূর্যের দিকে মুখ করে হাসছে সূর্যমুখী। আর এমন মনোরম দৃশ্য দেখতে প্রতিদিনই হাজারও মানুষ ভিড় করছেন সূর্যমুখী বাগানের সৌন্দর্য দেখতে। 

দর্শনার্থী আলী হোসেন বলেন, প্রকৃতির ঘ্রাণ নিতেই পরিবারকে নিয়ে সূর্যমুখী ফুলের বাগানে এসেছি। ফুলের গন্ধে মন নেচে উঠেছে। 

আরেক দর্শনার্থী শিক্ষার্থী মিনারা আক্তার বলেন, বাসাবাড়িতে বিভিন্ন রকমের ফুলের বাগান করা যায়। কিন্তু সূর্যমুখী ফুলের বাগান করা খুব একটা হয়ে উঠে না।  
কৃষক আল আমিন জানান, আগামী দিনে এই চাষ আরো বাড়াবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামীতে কৃষকদের বীজ, সারসহ প্রযুক্তিগত সব ধরনের সহায়তা দেওয়া হবে। 

ইত্তেফাক/এআই