একদিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা আরও বেড়েছে। গত রবিবারের চেয়ে দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে সোমবার (২৫ এপ্রিল) রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আগের দিন রবিবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক কামাল উদ্দিন বলেন, সোমবার দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর বিকেল ৩টায় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
গত শনিবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে রবিবার তাপমাত্রা এক লাফে বেড়েছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে আগুন ঝরা আবহাওয়ায় পুড়ছে সমগ্র রাজশাহী অঞ্চল।
সাধারণত ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপপ্রবাহ শুরু হয়। ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বলা হয় মৃদু তাপপ্রবাহ। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বলা হয় তীব্র তাপপ্রবাহ। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলেই তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

ভ্যানচালকের সততা