মহাদেবপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত আধাপাকা ধান কাটছে কৃষক

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৭:১৬

নওগাঁর মহাদেবপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত আধাপাকা ধান কাটছেন কৃষকরা। বুধবার (২০ এপ্রিল) রাতে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। আরো ঝড়বৃষ্টির আশঙ্কায় মাটিতে নুয়ে আধাপাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা।   

শিবরামপুর গ্রামের কৃষক ছামেদ আলী ও হাসান আলী জানান, এবার বোরো ধান খুব ভালো হয়েছিল। কিন্তু ঝড়ে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তারা বাধ্য হয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত আধাপাকা ধান কাটছেন। আধাপাকা ধান কাটার ফলে ফলন অর্ধেক পাওয়া যাবে।  

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলায় এবার ২৮ হাজার ৪০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে ঝড়ে ৬০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, ঝড়ে অনেক এলাকার ধান মাটিতে নুয়ে পড়েছে, তবে আর বৃষ্টিপাত না হলে ধানের ফলনে তেমন প্রভাব পড়বে না। 

ইত্তেফাক/এআই