৫ দফা বাস্তবায়ন হলে আমরা চলে যাব

আপডেট : ০৩ জুন ২০১৯, ১৫:৪৮

মিয়ানমারে মুসলিমদের ওপর হামলায় নিহতদের স্মরণ এবং অব্যাহত রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন এবং পথসভা করেছে টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। 

সোমবার সকাল সাড়ে ১০টায় টেকনাফের লেদা রোহিঙ্গা বস্তিতে এমইএসে মিয়ানমারে রোহিঙ্গা জেনোসাইড বন্ধ এবং ৩ জুন স্মরণে মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। 

পথসভায় বক্তারা বাংলাদেশ ভূখণ্ডে মানবিক আশ্রয় দেওয়ার জন্য শেখ হাসিনা, আইন-শৃংখলা বাহিনী ও স্থানীয় জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তারা আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী উত্থাপিত ৫ দফা দাবি বাস্তবায়ন করা হলে আমরা স্বেচ্ছায় স্বদেশে ফেরত যাব। 

আরও পড়ুন: আগামীকাল দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামে ঈদ

উল্লেখ্য, গত ২০১২ সালে ইয়াঙ্গুন হতে তাবলীগ জামায়াতের একটি দল টংগো এলাকায় গমনকালে ১০ জন তাবলীগ জামায়াতের সদস্যদের খুনের মধ্য দিয়ে সেনা বাহিনীর কতিপয় সদস্য সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলা শুরু করে। এরপর থেকে দেশটিতে রাখাইন ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটতে থাকে চোরাগোপ্তা হামলা। 

২০১৭ সালের ২৪ আগস্ট ২৯টি সীমান্ত চৌকিতে রোহিঙ্গাদের সশস্ত্র সন্ত্রাসী হামলার সূত্রধরে মিয়ানমারের পুরো মুসলিম সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুদের ওপর হামলা, খুন, এবং বসত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা বিশ্ব বিবেককে আলোড়িত করে। এতে অনেক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু নৃশংসভাবে খুনের শিকার হয়। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী সীমান্ত খুলে দিয়ে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক আশ্রয় দেন।

ইত্তেফাক/অনি