আগামী ১৪ মে শুরু হবে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প। হেড কোচ টবি র্যাডফোর্ড অবশ্য জুনের শুরুতে ক্যাম্পে যোগ দেবেন। জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকেও সুযোগ থাকলে এইচপি ক্যাম্পে কাজে লাগাতে চায় বিসিবি।
এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়ের এমনই পরিকল্পনা। এবারের ক্যাম্পে একটু ভিন্নতা আসছে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাকের এইচপিতে অন্তভুর্ক্তিতে। বিদেশি স্পিন বিশেষজ্ঞ এখনই পাওয়া যাচ্ছে না। তাই নির্বাচক রাজ্জাককেই স্পিন পরামর্শক হিসেবে কাজে লাগানো হবে এইচপিতে। দ্বৈত ভূমিকাই একসঙ্গে পালন করে যাবেন রাজ্জাক। নির্বাচকের পাশাপাশি এইচপিতে সুযোগ পাওয়া প্রতিভাবান তরুণদের স্পিন পরামর্শকের দায়িত্বে থাকবেন তিনি।
রাজ্জাকের স্কিল, অভিজ্ঞতা তরুণদের সহযোগিতা করবে বলেই বিশ্বাস এইচপি চেয়ারম্যান দুর্জয়ের। আর নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি স্বীকার করে সংবাদমাধ্যমকে সাবেক এ বাঁহাতি স্পিনার বলেছেন, ‘হ্যাঁ, সবকিছু পরিকল্পনা অনুসারে হলে আমি এইচপি ক্যাম্পে যোগ দিতে যাচ্ছি। এমন না যে আমি আমার ফোকাস বদলে কোচিংয়ের দিকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি মনে করি আমি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি এবং তা তরুণদের সঙ্গে শেয়ার করতে পারবো। তারা যদি তাতে লাভবান হয় সেটা খুবই আনন্দদায়ক হবে। আমি মনে করি আমার জন্যও এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে।’ এছাড়া বোলিং কোচ হিসেবে এইচপি ক্যাম্পে কাজ করবেন বিসিবির শ্রীলঙ্কান বোলিং কোচ চম্পকা রমানায়েকে।
