হবিগঞ্জের চুনারুঘাটে একটি খামারে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা ৪ হাজার ৮০০টি মুরগি মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৭ এপ্রিল) চুনারুঘাট থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন খামারের মালিক আব্দুল আউয়াল দুপরাজ।
লিখিত অভিযোগ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার ছনখলা গ্রামের আব্দুল আউয়াল প্রায় পাঁচ বছর ধরে বাড়ির পাশে ৩০ শতক জমির ওপর পোলট্রি ফার্ম মুরগির খামার গড়ে তোলেন। তার খামারে সোনালী জাতের প্রায় ৪ হাজার মুরগি ছিল। অন্যান্য দিনের মতো গত ২৪ এপ্রিল রাত ১০টার দিকে খামারের মুরগি পরিচর্যা করে আব্দুল আউয়াল নিজ বাড়িতে যান। গত রবিবার ভোরের দিকে খামারে গিয়ে দেখেন তার সকল মুরগি মরে পড়ে আছে।
এ ঘটনায় আজ বুধবার বিকেলের দিকে আব্দুল আউয়াল বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
