মিরাজের বদলি নাঈম হাসান

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৮:৪৩

সম্ভাব্য সবচেয়ে ভালো বিকল্প ছিলেন নাঈম হাসান। নির্বাচকরাও সহজ, অনুমিত পথে হেঁটেছেন। মেহেদী হাসান মিরাজের বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন নাঈম। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তরুণ অফস্পিনারকে অন্তভু‌র্ক্ত করার তথ্য জানিয়েছে বিসিবি।

আঙুলের ইনজুরিতে পড়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন মিরাজ। সিরিজের দ্বিতীয় টেস্টেও তার ফেরা অনিশ্চিত। গত ২৪ এপ্রিল বিকেএসপিতে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান মিরাজ। এক্সরে করার পর জানা গেছে, তার আঙুলের হাড় কিছুটা নড়ে গেছে এবং আঙুলে চিড় রয়েছে। দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। তারপর ব্যান্ডেজ খোলা হবে।

ইনফর্ম মিরাজের কারণেই টেস্ট দলে অনিয়মিত হয়ে পড়েছেন নাঈম। সেই মিরাজের বদলি হিসেবেই দলে ফিরলেন ২২ বছর বয়সী এ অফস্পিনার। সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছেন নাঈম। বাংলাদেশের হয়ে ৭ টেস্টে ২৫ উইকেট নিয়েছেন তিনি।

প্রথম টেস্টের বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস পরীক্ষায় পাশ সাপেক্ষে)।

ইত্তেফাক/টিএ