এবার জম্মু-কাশ্মিরের স্কুলে হিজাব ইস্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১০:৪১

ভারতের কর্ণাটকের হিজাব ইস্যু নিয়ে পুরো দেশেই উত্তেজনা বিরাজ করেছেন। একই ইস্যুতে এবার উত্তপ্ত জম্মু-কাশ্মীর। শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না— এমন নির্দেশনা জারি করেছে জম্মু-কাশ্মিরের একটি স্কুল। এর কারণে সেখানকার রাজনীতিতেও ছড়িয়েছে উত্তাপ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মিরের বারামুল্লায় অবস্থিত ড্যাগার পরিবার নামের একটি স্কুলে এ নির্দেশিকা জারি করেছে। মূলত স্কুলটি বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য। এর পরিচালনা করছে পুনের একটি এনজিও এবং ভারতীয় সেনাবাহিনী।

তাদের এক নির্দেশনায় স্কুল চলাকালীন হিজাব খুলে ফেলতে বলা হয় শিক্ষিকাদের। এতে করে শিক্ষার্থী ও স্কুলের কর্মকর্তাদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন তারা।

স্কুল কর্তৃপক্ষের দাবি, শিশুদের মনের মধ্যে যাতে ভয়ের সঞ্চার না হয়, তারা যাতে কোনো সংশয়ে না থাকে এবং অনেক বেশি নিরাপদ অনুভব করে, সেজন্যই এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং উমর আবদুল্লা।

ইত্তেফাক/টিআর