সাতক্ষীরার তালায় কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবকে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় খুলনা জেলার ডুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন জানান, মামলার প্রধান আসামি আকিবকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে কলেজছাত্রকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও নির্যাতন মামলার প্রধান আসামি সৈয়দ আকিবকে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগী কলেজছাত্রের নাম শোয়েব আজিজ তন্ময় (২০)। তিনি তালা সদরের জাতপুর গ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে। চলতি বছর জাতপুর টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য খুলনায় কোচিং করছেন।
রবিবার (২৪ এপ্রিল) তালা সরকারি কলেজ ছাত্রাবাসের একটি কক্ষে ওই কলেজছাত্রকে আটকে রেখে মারধর করে মাথা ন্যাড়া করে দেয় এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এ ঘটনায় জড়িতরা হলো তালার মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিসের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিব (২৫), হরিশচন্দ্রকাটি গ্রামের গণেশ চক্রবর্তীর ছেলে ও উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী (৩২), তালা গার্লস স্কুলের পেছনের বাসিন্দা ছাত্রলীগ কর্মী জে. আর সুমন (২৫), তালার মহান্দি গ্রামের ছাত্রলীগ কর্মী জয় (২৪) ও তালা সদরের নজির শেখের ছেলে ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান উৎস (২৪)। এ ঘটনায় সোমবার তালা থানায় একটি মামলা রেকর্ড করা হয়।
নির্যাতনের শিকার কলেজছাত্রের পিতা শেখ আজিজুর রহমান বলেন, আমার ছেলের সঙ্গে ওদের কোনো বিরোধ নেই। একসঙ্গে পড়েও না। রোববার দুপুর ১টার দিকে আকস্মিক আমার ছেলের পূর্ব পরিচিত নাহিদ হাসান উৎস নামে একটি ছেলে তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় তালা কলেজের সামনে। সেখান থেকে আমার ছেলেকে ধরে নিয়ে যায় কলেজের মধ্যে একটি রুমে। সেখানে তাকে মারধর করে মাথা ন্যাড়া করে দেওয়া ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। তারপর আমার স্ত্রীর কাছে ফোন করে ছেলেকে মারধরের চিৎকার শোনায় তারা। পরে আমার ভাইপোরা যেয়ে তাকে উদ্ধার করে।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানান, ছাত্রলীগের নেতা আকিবের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি আকিবের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে যায়। নতুন করে সম্পর্ক গড়ে ওঠে নির্যাতনের শিকার ওই ছেলের সঙ্গে। এর প্রতিশোধ নিতে আকিব তাকে নাহিদের মাধ্যমে ডেকে এনে মারধর করে মাথা ন্যাড়া করে দেয়।
এর আগে, সোমবার তাকে উপজেলা ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কাছে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।
