ইমরুলরা পাচ্ছেন ৫০ লাখ টাকা বোনাস

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫:০১

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পরিচালনায় অনেক বছর ধরেই আছে বসুন্ধরা গ্রুপ। বিপিএলে রংপুর রাইডার্স দলটিও তাদের মালিকানায় রয়েছে। বিপিএলে শিরোপা আগেই জিতেছিল রংপুর। এবার প্রিমিয়ার লিগেও ট্রফির স্বাদ পেলো শেখ জামাল। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি।

চ্যাম্পিয়ন হওয়ায় ঈদুল ফিতরের আগে পারিশ্রমিকের বাইরে বোনাস পাচ্ছেন শেখ জামালের ক্রিকেটাররা। ক্লাবকে প্রথম শিরোপা এনে দেওয়া ইমরুল-সোহানরা ৫০ লাখ টাকা বোনাস পাচ্ছেন। গতকাল সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শেষে চ্যাম্পিয়নদের জন্য ক্লাব কতৃ‌র্পক্ষের পুরস্কার সম্পর্কে জানতে চাইলে সোহান বলেন, ‘হ্যাঁ, দিচ্ছে। বোনাস ১৫ লাখ পেয়েছি। আরও ৩৫ লাখ আসছে।’ কয়েক বছর আগে সোহানের নেতৃত্বে ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০’র শিরোপা জিতেছিল শেখ জামাল।

বিপিএলের পর প্রিমিয়ার লিগেও শিরোপা জয়ী দলের অধিনায়ক ইমরুল কায়েস। ঘরোয়া লিগে ট্রফি জিততে চাইলে ইমরুলকেই দিতে হবে নেতৃত্ব, এমনটা প্রবাদে রূপ নেয়নি এখনো। তবে টানা দুটি টুর্নামেন্টে ট্রফি জিতে প্রশংসার জোয়ারে ভাসছেন বাঁহাতি এই ওপেনার।

গতকাল ম্যাচের পর তিনি বলেছেন, ‘আসলে আমি চেষ্টা করেছি আমার মতো। সবচেয়ে বড় কথা, সবাই পারফরম করেছে। যখন প্রয়োজন হয়েছে কেউ না কেউ দাঁড়িয়ে গেছে, ম্যাচ জিতিয়েছে। দলীয় পারফরম্যান্স ছিল বলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এখানে দলের সবার কৃতিত্ব আছে। শুরু থেকেই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলেছি।’

ইত্তেফাক/টিএ