টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগে ওই দিন দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।
অভিযুক্তের নাম আব্বাস (২৫)। সে উপজেলার কয়েড়া গ্রামের জয়নালের ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলছাত্রী বাড়িতে একাই ছিল। পরে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা আব্বাস ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় স্কুলছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আব্বাস পালিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে রাতেই অভিযুক্তকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বাস ধর্ষণের কথা স্বীকার করেছে। শুক্রবার দুপুরে তাকে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
