রাজশাহীতে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এই জামাতে প্রধান ইমাম হিসেবে ইমামতি করবেন জামিয়া ইসলামিয়া শাহ্ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদত আলী। তার সহকারী হিসেবে থাকবেন মহানগরীর হেতেম খাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি ইয়াকুব আলী ও হযরত শাহ্ মখদুম (রহ.) দরগা শরীফ জামে মসজিদের ইমাম মো. মুহিবুল্লাহ।
অধ্যক্ষ মুফতি শাহাদত আলী জানান, ঈদের দিন বৈরি আবহাওয়া থাকলে ঈদগাহ ময়দানের পরিবর্তে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা শরীফ জামে মসজিদে। সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হলেও সময় অপরিবর্তিত থাকবে।
রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে মহানগরীর টিকাপাড়া ঈদগাহ ময়দানে। সেখানেও সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৮টা। এ ছাড়া নগরীর সাহেববাজার জিরোপয়েন্টেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এখানে সাহেববাজার বড় মসজিদসহ মধ্য শহরের পাঁচটি মসজিদের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন। এবারও এখানে নারীদেরও জামাতে নামাজের আলাদা ব্যবস্থা থাকবে।
জেলা প্রশাসন জানিয়েছে, শহরের প্রায় ৫০টি এবং ৯ উপজেলায় আরও প্রায় ৩৫০টি ঈদগাহে ঈদের নামাজ আদায় হবে। এ জন্য ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে ঈদগাহ কমিটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদগাহে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে।
