কুমিল্লায় পিবিআই এএসপির গাড়ি চাপায় ৩ গার্মেন্টস কর্মী নিহত

আপডেট : ০৩ জুন ২০১৯, ২৩:০৬

ফেনী পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় তিনজন গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গার্মেন্টস কর্মীদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সংলগ্ন চান্দুল এলাকার ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং মিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা ওই কারখানার শ্রমিক ছিলেন। এ ঘটনায় ওই অতিরিক্ত পুলিশ সুপারসহ তার সঙ্গে থাকা অন্যরা সামান্য আহত হয়েছেন।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনজুরুল হক জানান, ফেনী পিবিআইয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফেনী থেকে ঢাকায় যাচ্ছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে চান্দুল এলাকায় তাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমান নারী শ্রমিকদের চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ৮/৯ জন নারী শ্রমিক গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পর ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া গ্রামের নাছিমা আক্তার (৩৬), সদর দক্ষিণ উপজেলার জগপুর গ্রামের তানজিনা আক্তার (২৮) ও কাজল বেগম (৩২)।

আহত শ্রমিকরা জানান, কারখানা ছুটি শেষে তারা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন, হঠাৎ পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হলেও অতিরিক্ত পুলিশ সুপার এবং একই গাড়িতে থাকা একজন পুলিশ পরিদর্শক ও ২ জন কনস্টেবল সামান্য আহত হন। বর্তমানে তারা সবাই সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে রোগীর খাবারে পঁচা কলা ও বাসি রুটি

এ বিষয়ে ওই গাড়িতে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফেনী থেকে ঢাকায় ফিরছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে চান্দুল এলাকায় আমাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমান শ্রমিকদের চাপা দিলে খাদে পড়ে যায়। এতে ৮-৯ জন নারী শ্রমিক গুরুতর আহত হন। এর মধ্যে তিনজনের মৃত্যু হলেও পিবিআই কর্মকর্তারা সুস্থ রয়েছেন।

এদিকে ওই দুর্ঘটনায় আহত অপর শ্রমিকদের কুমেক ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/নূহু